পরিবার হলো মানুষের প্রথম বিদ্যালয়। শিশুরা এই বিদ্যালয়ে শেখে সামাজিক আচরণ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ। মা-বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক এবং তাদের আচরণ, ভাষা ও নৈতিক মূল্যবোধ সন্তানের জীবনে স্থায়ী ছাপ ফেলে। একটি শিশুর মননশীলতা ও চরিত্র গঠনের জন্য পরিবারের প্রভাব অপরিসীম। তাই মা-বাবার খারাপ কাজ বা খারাপ ব্যবহার শিশুর জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং তার ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে।

শিশুরা ছোটবেলায় যা দেখে, তাই শিখে। যদি মা-বাবা অসৎ আচরণ, মিথ্যা বলা বা প্রতারণা করে, শিশু মনে করে এগুলো স্বাভাবিক। ছোটবেলায় এমন অভ্যাস গড়ে ওঠলে বড় হয়ে তারা জীবনে অসৎ কাজ করার প্রবণতা অর্জন করে। উদাহরণস্বরূপ, যদি একজন বাবা ব্যবসায়িক প্রতারণা করে বা অন্যকে ঠকায়, সন্তানও বড় হয়ে একই ধরনের পথ বেছে নিতে পারে।অবিরাম ঝগড়া, চিৎকার বা অবহেলা শিশুর মানসিক অবস্থাকে দুর্বল করে। তারা আত্মবিশ্বাস হারায়, সহজেই ভয় পায় এবং জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দীর্ঘমেয়াদে এই মানসিক চাপ শিক্ষার প্রতি মনোযোগ কমায় এবং ভবিষ্যতের কর্মজীবনেও নেতিবাচক প্রভাব ফেলে।
যেসব শিশুদের পরিবারে মা-বাবা একে অপরের বা অন্যদের প্রতি অসম্মান প্রদর্শন করেন, তারা সম্পর্কের মর্যাদা বোঝে না। ফলে তারা বন্ধু, সহকর্মী বা ভবিষ্যতের জীবনসঙ্গীর সঙ্গে সুষ্ঠু সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়। তারা অন্যদের প্রতি সহানুভূতি, ভদ্রতা বা সৌজন্য প্রদর্শনে সচেতন হয় না। উদাহরণস্বরূপ, যদি মা-বাবা প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে অশোভন আচরণ করেন, সন্তানও বড় হয়ে একই ধরনের ব্যবহার করতে পারে।অশান্ত বা নেতিবাচক পরিবারে বড় হওয়া শিশুরা পড়াশোনায় মনোযোগ হারায়। যদি মা-বাবা শিক্ষার প্রতি উৎসাহ না দেন বা সব সময় সমালোচনা করেন, তবে শিশু শিক্ষায় সফল হয় না। এর প্রভাব পড়ে চাকরি, ব্যবসা বা পেশাগত জীবনে। একজন শিক্ষার্থী যদি বাড়িতে নিয়মিত ঝগড়া দেখে, তবে তার পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় এবং ভবিষ্যতে কর্মজীবনে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। 
সন্তানরা পরিবারকে নিজের পরিচয় হিসেবে গ্রহণ করে। যদি মা-বাবা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা অসৎ কাজ করেন, সন্তানেরও সমাজে মর্যাদা হ্রাস পায়। এতে তারা হীনমন্যতা অনুভব করে, আত্মসম্মান হারায় এবং সমাজে সঠিকভাবে নিজের স্থান তৈরি করতে পারে না।দিকনির্দেশনা বা মননশীলতার অভাব সন্তানকে অপরাধমূলক পথে ঠেলে দিতে পারে। তারা চুরি, প্রতারণা বা অশুভ কাজে লিপ্ত হয়। এর ফলে তাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন দুটোই ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, অনেক সময় দেখা যায়, যে সন্তানরা পরিবারে বারবার অবহেলা বা অসৎ আচরণের সাক্ষী হয়েছে, তারা বড় হয়ে ছোটোখাটো বা বড় অপরাধের সাথে জড়িত হয়।

 

মা-বাবার আচরণ সন্তানের জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয়। খারাপ কাজ, খারাপ ব্যবহার ও নৈতিকতার অভাব সন্তানের চরিত্র, মানসিকতা, শিক্ষা, সম্পর্ক ও সামাজিক মর্যাদা সবকিছুতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা-বাবার উচিত নিজেদের আচরণে সতর্ক থাকা, নৈতিকভাবে দৃঢ় থাকা এবং সন্তানকে ভালো দিকনির্দেশনা দেওয়া। সুস্থ পরিবারই সুস্থ সমাজ গড়ে তুলতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *